
এমন কাউকে পাওয়া যাবে না যিনি তার জীবনে একবারও চকলেট খাননি। ছোট-বড় সবার কাছেই চকলেট খুব আকর্ষণীয় একটি খাবার। কিন্তু প্রশ্ন হলো, চকলেট কেন এত মজা লাগে। অনেকে হয়তো বলবে, এমনি এমনিই মজা লাগে। কিন্তু আসল কারণটা চকলেট বানানোর মধ্যেই নিহিত। চকলেট বানাতে বেশকিছু উপাদান মেশানো হয়, আর সেগুলোর কারণেই চকলেট এত মজার। এ নিয়ে লিখেছেন প্রাঞ্জল সেলিম। খাবারের জগতে চকলেট একটি লোভনীয় নাম। ছোটরা তো বটেই, বড়রাও চকলেটের লোভ সামলাতে পারেন না সহজে। নানা ধরনের, নানা স্বাদের, নিত্য নতুন ধরনের চকলেট জিভে জল এনে দেয় সকলের। চকলেটের নাম চকলেট কেন হলো জানেন? ইংরেজা ভাষায় chocolate শব্দটা এসেছে স্প্যানিশ ভাষা থেকে। তবে স্প্যানিশ ভাষায় এই শব্দটা কীভাবে এসেছে, তা নিয়ে রয়েছে মতভেদ। ধারণা করা হয়, নাহুয়াতি ভাষা, অর্থাত্ অ্যাটজেকদের ভাষার শব্দ chocolatal থেকে এসেছে chocolate শব্দটি। এই chocolatal এসেছে xocolatl থেকে। xococ এর অর্থ হলো তেতো এবং atl এর অর্থ হলো তরল বা পানীয়। আবার অনেকের ধারণা, chocolate শব্দটা অ্যাজটেক ও মায়ান দু ভাষা থেকেই এসেছে! মায়ান ভাষায় chokol মানে গরম এবং নাহুয়াতি ভাষায় atl মানে পানীয়। এবং এ দুটো শব্দের সমন্বয় ও বিবর্তনেই এসেছে chocolate শব্দটি।